ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রমাণ পাওয়ায় দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিনের কার্যক্ষমতা নষ্ট করে দেওয়া হয়।
একই সঙ্গে প্রায় ৫ থেকে ৬ হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এসব সরঞ্জাম ব্যবহার করে পুনরায় অবৈধ কার্যক্রম চালানো সম্ভব না হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা জানান, অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কাটার কারণে এলাকার জমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল। নিয়মিত অভিযান হলে এসব অনিয়ম বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবৈধভাবে মাটি কাটা ও ড্রেজার ব্যবহারের বিরুদ্ধে জেলা প্রশাসন সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে।
