ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের সঙ্গে অভিমান করে তাইয়্যেবা (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) রাতে পৌর শহরের পীরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। বর্তমানে তারা পীরবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে একপর্যায়ে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে তাইয়্যেবা। পরে বিষয়টি বাসায় এসে মাকে জানায়। এ সময় মা তাকে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি না করতে বললে সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। একপর্যায়ে মা তাকে শাসন করেন।
এর কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে ঘরের বারান্দায় অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
