বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমে Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, PET-এ উত্তীর্ণ ২৩৩ জন প্রার্থীর মধ্যে ২৩১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। এসব ধাপ শেষে সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
জেলা পুলিশ সূত্রে আরও জানানো হয়, লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৬ মে ২০২৬ সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে প্রকাশ করা হবে। একই দিন সকাল ১০টা থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে, লিখিত পরীক্ষাকেন্দ্র পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি শাহ্ মোঃ আব্দুর রউফ। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বলে জানা গেছে।
