ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মামাতো-ফুফাতো ভাইয়ের মারধরে লিটন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মোড়াবাড়ি এলাকার মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত লিটন মিয়া ওই এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। অভিযুক্ত আশিকের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক ছিল মামাতো-ফুফাতো ভাইয়ের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটনের স্ত্রী হাবিবার কাছ থেকে স্ত্রী চিকিৎসার কথা বলে দুই হাজার টাকা ধার নিয়েছিলেন আশিক। দীর্ঘদিন পার হলেও টাকা ফেরত না দেওয়ায় মঙ্গলবার বিকেলে লিটন পাওনা টাকা চাইতে যান। এ সময় দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বিরোধ হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, আশিক লিটনের অণ্ডকোষে লাথি ও কপালে ঘুষি মারেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক লিটন মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
