ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে আজ ০২ মে ২০২৬ খ্রি. শনিবার সকাল ১১টায় বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করা সম্ভব। তিনি মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা এবং প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে নিয়মিতভাবে মাদক বিরোধী সভা আয়োজনের পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, মাদক নির্মূলে তথ্য প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক সংশ্লিষ্ট স্পট, সেবনকারী ও ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিতে তিনি সকলকে আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।
তিনি আরও জানান, জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক নির্মূলে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে মতামত ও পরামর্শ প্রদান করেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, র্যাব-৯, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোঃ নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহ, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরা।
