ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেজুরা এলাকার সঞ্জয় দাস, দক্ষিণ বেজুরা এলাকার সেন্টু সরকার এবং বাহুবল থানার খিলবামৈ এলাকার মানিক।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
