ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হোসেন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে টি. আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় কিছু দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বলে নিশ্চিত হন তারা। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বজনরা। পরে চেহারা দেখে পরিবারের সদস্যরা মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
নিহতের এক স্বজন জানান, গত ২৫ মে নিজ এলাকা চান্দলা থেকে একটি রিজার্ভ যাত্রী নিয়ে কসবা উপজেলার কুটি এলাকায় যান হোসেন মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে তার স্ত্রী মোছা. সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বৃহস্পতিবার বিকেলে কসবায় একটি মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, “পুকুর থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।”
