নিউজ রিপোর্ট:শেখ ইলিয়াস
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা ইউনিয়নের গোলাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুটি এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে গোলাসার এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির একটি চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। আহতরা সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। তবে বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো জিজ্ঞাসাবাদের জন্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সড়ক দুর্ঘটনা রোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
