ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নং সুহিলপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন ইউনিয়নের একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াসমিন বেগম বিনা চৌধুরী।
সুহিলপুর বাজার থেকে শুরু হওয়া এ গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচি শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সুহিলপুরের কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্র প্রবাসী এ কে এম আবু হানিফ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোবারক চৌধুরী, বিএনপি নেতা হাফিজ উদ্দিন, আলমগীর হোসেন আলাল, ইউসুফ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার, জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি এবং সুহিলপুর হারুন আল রশিদ কলেজের বিদ্যোৎসাহী সদস্য শরীফ চৌধুরী।
সমাবেশ শেষে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সুহিলপুর বাজার, উত্তর সুহিলপুর, আনসার ক্যাম্প, জামতলী বাজার, ২ নম্বর গ্যাস ফিল্ড সংলগ্ন গৌতমপাড়া, ঘাটোরা, মিলনবাজার, ঘাটোরা মধ্য রাস্তা ও ঘাটোরা ১ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনরায় সুহিলপুর বাজারে এসে শেষ হয়।
প্রচারণা চলাকালে সাধারণ মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচন সম্পর্কিত বার্তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় ইয়াসমিন বেগম বিনা চৌধুরী ইউনিয়নবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে আসন্ন নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। অন্যদিকে উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করে সুহিলপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় জানান।
