নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার সজিব মিয়ার কাছে ইয়াবা কেনার জন্য ৩০০ টাকা দেওয়া হয়। তবে তিনি ওই টাকা দিয়ে শিশুদের জন্য বিস্কুটসহ বিভিন্ন খাবার কিনে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে এক পক্ষের রিদয়, শহিন ও রতন মিয়া এবং অপর পক্ষের সোহান, জসিম ও দেওয়ান উদ্দিনসহ উভয় পক্ষের বেশ কয়েকজন জড়িয়ে পড়েন। স্থানীয়দের দাবি, এলাকায় মাদকের বিস্তার রোধে এক পক্ষের অবস্থানের কারণে বিরোধের সৃষ্টি হয় এবং তা থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।
সংঘর্ষের এক পর্যায়ে গুরুতর আহত হয় রায়হান (১৫)। সে ছুটন মিয়া ও হানিয়া বেগমের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ বর্তমানে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
