পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও সড়কের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া-সিমনা সড়কে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি পালন করেছে ভিপি জহিরুল হক খোকনের স্বেচ্ছাসেবী টিম।
আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এবি এম মমিনুল হক মুমিন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে এবি এম মমিনুল হক বলেন, পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী জহিরুল হক খোকনের জন্য দোয়া কামনা করেন এবং তার সাফল্য কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে বিজয়নগর উপজেলায় সংযোগকারী প্রায় নয় কিলোমিটার দীর্ঘ এই সড়ককে সবুজ ও ছায়াঘেরা করতে পূর্বে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছিল। তবে দীর্ঘদিনের অবহেলা ও প্রাকৃতিক কারণে অনেক গাছ নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে বৃক্ষরোপণ ও পরিচর্যার উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী টিম।
কর্মসূচির অংশ হিসেবে নতুন গাছ রোপণের পাশাপাশি পূর্বে রোপিত হেলে পড়া ও অযত্নে থাকা গাছগুলোর পরিচর্যা, বাঁধাই ও পুনর্বিন্যাস করা হয়।
আয়োজকরা জানান, সবুজ ও পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়তে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
