নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ১১ জুন ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার ঘাটিয়ারা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাঁদা দাবি, হুমকি ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগকারী মোহাম্মদ পরশ ভূইয়া জানান, তিনি তার দাদার কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া ২৪ শতাংশ জমির মালিক। সম্প্রতি ওই জমিতে একটি সাইনবোর্ড দেখতে পেয়ে তিনি বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তার কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
পরশ ভূইয়ার দাবি, তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। এমনকি জমির কাছে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি ফরহাদ, রঞ্জু চেয়ারম্যান, কুদ্দুস ও সাজিদ খানের নাম উল্লেখ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন বিকেলে ঘাটিয়ারা নতুন বাজার এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে পরশ ভূইয়ার ওপর হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি আত্মরক্ষার চেষ্টা করলে হামলাকারীরা সেখান থেকে সরে যায়।
ঘটনার সময় উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি একজনকে আটক করে সতর্ক করেন বলে জানা গেছে। পরে এলাকাবাসীর উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
এদিকে, পরশ ভূইয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
