ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের দুই পক্ষের মধ্যে বিলে মাছ ধরার ইজারা (পাড়ি) নিয়ে ভয়াবহ সংঘর্ষে মো. হাদিম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) রাত পৌনে ৯টার দিকে কালিকচ্ছ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের মোশারফ মিয়া (পিতা: জহিরুল মেম্বার) এবং ধরন্তি গ্রামের আজিম মিয়া (পিতা: শামসুল হক) পক্ষের মধ্যে বিলে মাছ ধরার ইজারা নিয়ে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ধরন্তি গ্রামের শামসুল হকের ছেলে মো. হাদিম (৪৫) নিহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে।
আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
