মোঃ রায়হান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রতিনিধি
সবুজ বিপ্লবের অঙ্গীকার বৃক্ষরোপণ হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বিষয়ক র্যালি, বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রতিষ্ঠানের সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহ-সুপার জনাব কাজী মোঃ আব্দুল হান্নান। তিনি বলেন,
গাছের প্রয়োজনীয়তা আমাদের জীবনে অপরিসীম। বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।
এসময় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব শেখ আমানউল্লাহ বলেন,
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা যদি জানো যে আগামীকাল কেয়ামত হবে, তবুও যদি তোমার হাতে একটি চারা থাকে, তাহলে তা রোপণ করো।
তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব আব্দুর নূর। এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে পরিচর্যা করার আহ্বান জানান তাঁরা।
