ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পশ্চিম-দক্ষিণ পাশে দীর্ঘদিন ধরে লোহার নিরাপত্তা বেষ্টনীর একটি অংশ ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙা অংশটি মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেখানে উঠতি বয়সের তরুণ-তরুণীদের আড্ডা, মাদক সেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে।
দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। স্টেশনের নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা বলছেন, একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশনের ভেতরে এমন অনিরাপদ পরিবেশ যাত্রীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
এ বিষয়ে অবিলম্বে ভাঙা নিরাপত্তা বেষ্টনী মেরামত, ওই এলাকায় নিয়মিত নিরাপত্তা টহল, মাদকসেবন ও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা এবং স্টেশনের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রেলওয়ে কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব বলে মনে করছেন তারা। দীর্ঘদিনের এই অবহেলা দ্রুত দূর করার আহ্বান জানানো হয়েছে।
