ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক দুটি অভিযানে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একটি অভিযানে ৪৪ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায় এক পলাতক আসামি।
পুলিশ জানায়, সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার একটি দল উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক এলাকায় কসবা-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক আসামি ৪৪ কেজি গাঁজা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গাঁজাগুলো জব্দ করা হয়।
এরপর সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রঘুনাথপুর গ্রামের মো. মঞ্জরুল ইসলাম এবং ধোপাগাছিনা গ্রামের মো. রিয়াজুল ইসলাম।
উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
