ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে সীমান্ত এলাকা থেকে ২০০ পিস ভারতীয় তালা এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের দাবি, বিজিবির ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী
