কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে নারীদের সচেতন করতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনায় GPMS কর্মপরিকল্পনার আওতায় জুলাই-সেপ্টেম্বর ২০২৬ প্রথম প্রান্তিকের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর মিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিস, ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল জলিল ফ্যামিলি কার্ড কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, নারীর ক্ষমতায়ন ও নিম্নআয়ের পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০২৬ সালের ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী নারীপ্রধান ও নিম্নআয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামিলি কার্ডের আওতা সম্প্রসারণ করা হবে। সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা তৈরিতে স্থানীয় প্রশাসন, সমাজসেবা বিভাগ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তথ্য যাচাইয়ের কার্যক্রম চলছে।
বক্তব্যে তিনি কৃষকদের জন্য সরকারের ‘কৃষক কার্ড’ কর্মসূচির কথাও তুলে ধরেন। ১৪ এপ্রিল ২০২৬ প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পাইলট পর্যায়ে এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের ডিজিটাল পরিচয়ের আওতায় এনে সার, বীজ, কৃষিঋণ, ভর্তুকি ও অন্যান্য কৃষি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এসব কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত মানুষ ও কৃষকদের সরকারি সহায়তার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়ন করা। সুবিধাভোগীদের সঠিক তথ্য প্রদান এবং সরকারি কর্মসূচির বিষয়ে সচেতন থাকার জন্য তিনি নারীদের প্রতি আহ্বান জানান।
জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার তথ্য অনুযায়ী, বাঞ্ছারামপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আসাদনগরে ইতোমধ্যে ৭৭৬ জনকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
সমাবেশে সরকারি বিভিন্ন সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নারী ও শিশুর অধিকার এবং জনসচেতনতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শেষে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে নারী সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
