ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকায় হারিয়ে যাওয়া মেয়ের বিয়ের কেনাকাটার ৫০ হাজার টাকা ট্রাফিক পুলিশের সহায়তায় ফিরে পেয়েছেন এক বৃদ্ধ।
রোববার (১৬ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন ও তাদের সঙ্গীয় পুলিশ সদস্যরা। এ সময় তারা সড়কের ওপর পড়ে থাকা টাকার একটি বান্ডিল দেখতে পান। পরে টাকাগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন তারা।
এর কিছুক্ষণ পর প্রায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ কাউতলী এলাকায় এসে কান্নাজড়িত অবস্থায় টাকা খুঁজতে থাকেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তার সঙ্গে কথা বললে তিনি নিজের পরিচয় দেন মো. তাজুল ইসলাম হিসেবে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসূলপুর এলাকা থেকে মেয়ের বিয়ের কেনাকাটা করতে শহরে এসেছিলেন।
তাজুল ইসলাম জানান, কাউতলী মোড়ে সিএনজির ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০ হাজার টাকা অসাবধানতাবশত কোথাও পড়ে যায়। পরে তিনি বিষয়টি বুঝতে পেরে কাউতলী এলাকায় এসে টাকা খুঁজতে থাকেন।
পুলিশ সদস্যরা তার কাছে হারানো টাকার পরিমাণ, নোটের মূল্যমানসহ বিভিন্ন তথ্য জানতে চান। তার দেওয়া তথ্যের সঙ্গে উদ্ধার করা টাকার পরিমাণ ও বর্ণনার মিল পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে যাচাই-বাছাই শেষে ৫০০ টাকা মূল্যমানের ১০০টি নোটে থাকা মোট ৫০ হাজার টাকা প্রকৃত মালিক তাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
হারানো টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাজুল ইসলাম। এ সময় তিনি কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনাটি দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের একটি দৃষ্টান্ত বলে জানিয়েছে জেলা পুলিশ।
