সিএনজি চালকদের নানা অজুহাতে বাড়তি ভাড়া দাবির অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা
ব্রাহ্মণবাড়িয়ার সড়ক যোগাযোগ যেন পরিণত হয়েছে ভাড়া বাড়ানোর উৎসবে। বিভিন্ন অজুহাত দেখিয়ে সিএনজি অটোরিকশার চালকরা নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া দাবি করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
যাত্রীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া রুটে নির্ধারিত ভাড়া যেখানে ৬০ টাকা, সেখানে বর্তমানে অনেক সিএনজি চালক যাত্রীদের কাছে ১০০ থেকে ১২০ টাকা বা তারও বেশি ভাড়া দাবি করছেন। ফলে স্বাভাবিক যাতায়াতেও অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে চালকদের কেউ কেউ বলছেন, বর্তমানে সিএনজিতে এলপি গ্যাস ব্যবহার করা হচ্ছে। আর গ্যাসের বাড়তি খরচের কারণেই ভাড়া বাড়ানো হয়েছে বলে তাদের দাবি।
তবে যাত্রীদের প্রশ্ন—নির্ধারিত ভাড়ার বাইরে এভাবে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ আছে কি? থাকলে এর নিয়ন্ত্রণ করবে কে?
বিশেষ করে নিয়মিত কর্মজীবী, শিক্ষার্থী ও স্বল্প আয়ের মানুষের জন্য অতিরিক্ত ভাড়া বড় ধরনের চাপ তৈরি করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর ব্যবস্থা দাবি করেছেন ভুক্তভোগীরা।
আপনার এলাকার সিএনজি বা গণপরিবহনের ভাড়ার অবস্থা কেমন?
কমেন্টে জানিয়ে দিন আপনার এলাকার ভাড়ার বর্তমান চিত্র।
