ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জশনে জুলুস বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন হেফাজতে ইসলাম ও সাধারণ আলেম সমাজের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে জশনে জুলুস আয়োজনের বিষয়ে তাদের আপত্তি ও বিভিন্ন যুক্তি তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরনের আয়োজন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে জেলা প্রশাসক অত্যন্ত গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে বিষয়টি শুনেন এবং স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় যুক্তিপূর্ণ আলোচনা শেষে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এ ধরনের কোনো বেদআতী কাজ বা আয়োজন করতে দেওয়া হবে না।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন দৃঢ় ও ইতিবাচক আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছেন স্মারকলিপি প্রদানকারীরা। তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শান্তি-শৃঙ্খলা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে প্রশাসন তাদের দেওয়া আশ্বাস বাস্তবায়ন করবে বলে তারা আশাবাদী।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মুফতি মুবারক উল্লাহ, মুফতি শরিফ উদ্দিন আফতাবী, মাওলানা বেলাল হোসাইন, হেফাজতে ইসলামের দপ্তর সম্পাদক, মাওলানা ইসহাক আল মামুন এবং পৌর ওলামাদলের সভাপতি।
সাধারণ আলেম সমাজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুল খালেক ও আহ্বায়ক শেখ মোহাম্মদ ইলিয়াস।
নেতৃবৃন্দ বলেন, ঈমান-আকিদা ও শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ রক্ষায় তাদের অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তারা।
