ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহাইর এলাকায় অভিযান চালিয়ে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার দায়ে আটজনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়।
অভিযানকালে ৩৮টি অবৈধ গ্যাস সংযোগের রাইজার উচ্ছেদ ও নিষ্ক্রিয় করা হয়। এ সময় আটটি রেগুলেটর জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যবহৃত ৩/৪ ইঞ্চি এমএস পাইপের প্রায় ৪০৫ মিটার অপসারণ করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া এরিয়া বিতরণ কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৯০০ মিটার অবৈধ গ্যাস নেটওয়ার্কও নিষ্ক্রিয় করা হয়েছে।
অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার দায়ে আটজনকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের অবৈধ সংযোগ ও অবৈধ ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
