নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ১৯ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে গতকাল রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এ ঘটনায় দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যকে সকল ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়, ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্সের গেইট ও কম্পাউন্ড ডিউটিতে দায়িত্ব পালনে বিচ্যুতির অভিযোগে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-কে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তদন্তাধীন বিষয় নিয়ে অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
