ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় ‘হাজ্বী এন্টারপ্রাইজ’-এর মালিক নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টানবাজার এলাকার হক প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘হাজ্বী এন্টারপ্রাইজ’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটি থেকে ৪১ বস্তা নিষিদ্ধ রিং জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগের কর্মকর্তাদের হিসাব অনুযায়ী, জব্দ করা জালের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০টি। প্রতিটি জালের গড় মূল্য প্রায় ২ হাজার টাকা হিসেবে এসব জালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ রিং জালগুলো ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক নুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ রিং জাল ব্যবহারের ফলে মাছের পোনাসহ বিভিন্ন জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার, বিক্রি ও মজুতের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
