মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইউনিট কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ সেক্রেটারি পদে প্রার্থী হয়েছেন মো. লুৎফুল হাই ভূঞা। নির্বাচনে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
সেক্রেটারি পদপ্রার্থী “মো. লুৎফুল হাই ভূঞা” বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক অরাজনৈতিক মানবিক সংগঠন। আর্ত-মানবতার সেবা ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই এ সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। সেই মানবিক আদর্শকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ইউনিটকে দেশের অন্যতম আদর্শ ও মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেড ক্রিসেন্টের মতো জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের নেতৃত্বে যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
লুৎফুল হাই ভূঞা আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে সফল ও বাস্তব রূপ দিতে সমাজের প্রতিটি স্তরে জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। বিশেষ করে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমকে আরও জনমুখী ও কার্যকর করার লক্ষ্যে তিনি সদস্যদের মূল্যবান মতামত, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
তিনি সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটিকে মানবতার সেবায় আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাই।”
নির্বাচনে সেক্রেটারি পদে নিজের প্রার্থিতাকে ঘিরে তিনি আশাবাদ ব্যক্ত করেন, সদস্যদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা পেলে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও শক্তিশালী, কার্যকর ও মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
