মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সুহিলপুরে মাদক, চুরি, সুদ, ঘুষ ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ১০১ সদস্যবিশিষ্ট একটি অ্যাকশন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি উত্তর সুহিলপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মসজিদের ইমাম, যুবসমাজসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জনাব জহির রায়হানকে সভাপতি করে এ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও মাদক ও অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভায় গৃহীত সামাজিক সিদ্ধান্ত অনুযায়ী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোরসহ অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা বলা হয়। একই সঙ্গে অপরাধীদের অপকর্ম সম্পর্কে পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের সচেতন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া কোনো ব্যক্তি মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে আইন নিজের হাতে না তুলে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় আইনগত পদক্ষেপের অংশ হিসেবে স্থানীয় থানার অফিসার ইনচার্জ (ওসি), দায়িত্বপ্রাপ্ত এসআই এবং জেলা পুলিশ সুপারকে অপরাধীদের বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার কথাও জানানো হয়।
এ সময় মাদক ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ এবং আদালতে মামলার কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলিদের সঙ্গে যোগাযোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিতরা বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে হলে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, যুবসমাজ ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।’
উত্তর সুহিলপুরের এ উদ্যোগকে স্থানীয়রা সামাজিক অপরাধ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, ১০১ সদস্যের এ অ্যাকশন কমিটির মাধ্যমে এলাকায় মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ আরও জোরদার হবে।
