ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো ইসলামী সংগীতশিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘গজল একাডেমি শিল্পী ও সদস্য সম্মাননা অ্যাওয়ার্ড-২০২৬’। সোমবার (২৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন মুফতি ওবায়দুল্লাহ মাদানী, প্রতিষ্ঠাতা ও মুহতামিম, জামিয়া উম্মুল কুরা বাংলাদেশ।
আয়োজিত এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক ইসলামী সংগীতশিল্পী, শিল্পী ও গজলপ্রেমী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইসলামী সংগীতে অবদান ও সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন শিল্পী ও সদস্যদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া শিল্পীদের মধ্যে ছিলেন গজল একাডেমির প্রতিষ্ঠাতা, টিউন এবি নাশিদ ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী কাজী মাশকুর এলাহী এনাম বিন সাঈদ, আব্দুল মান্নান মিয়াজিসহ ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকজন পরিচিত ইসলামী সংগীতশিল্পী।
আয়োজকরা জানান, ইসলামী সংগীতের সঙ্গে যুক্ত শিল্পীদের উৎসাহিত করা, তাদের প্রতিভার স্বীকৃতি দেওয়া এবং নতুন প্রজন্মের মাঝে ইসলামী সংগীতের চর্চাকে আরও বিস্তৃত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
সংশ্লিষ্টদের মতে, ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী সংগীতশিল্পীদের নিয়ে এ ধরনের সম্মাননা অনুষ্ঠান এবারই প্রথম। ব্যতিক্রমী এ আয়োজন শিল্পীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা।
