ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. জুবায়েদ হোসেন ফয়সাল (সদস্য নং-৯৩৭৮)। আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট চেয়েছেন।
ভোটারদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ফয়সাল বলেন, রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত হওয়া তার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার সুযোগ হিসেবেই তিনি বিষয়টিকে দেখেন।
ফয়সাল বলেন, “আপনাদের কাছে আমার চাওয়া খুব বেশি কিছু নয়—একটু দোয়া, একটু ভালোবাসা, একটু আস্থা এবং আপনাদের মূল্যবান একটি ভোট।”
নির্বাচিত হলে ভোটারদের দেওয়া সমর্থনকে দায়িত্ব হিসেবে গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তার ভাষ্য, শুধু একটি পদ অর্জন নয়, বরং ভোটারদের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে তার মূল লক্ষ্য।
মানবিক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় জানিয়ে ফয়সাল বলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে তিনি বিশ্বাসী। সুযোগ পেলে সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করবেন।
তিনি আরও বলেন, রেড ক্রিসেন্টের মূল চেতনা মানবসেবা। দুর্যোগ, বিপদ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়া এবং বিভিন্ন মানবিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকাই হবে তার অন্যতম অগ্রাধিকার।
ফয়সালের প্রত্যাশা, ভোটারদের একটি ভোট ও আস্থা মানবতার সেবায় আরও বড় পরিসরে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি বলেন, “আপনাদের একটি ভোট, আপনাদের একটি আস্থা হতে পারে মানুষের পাশে দাঁড়ানোর আমার নতুন শক্তি।”
আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনে তাকে মূল্যবান ভোট দিয়ে মানবতার সেবায় কাজ করার সুযোগ দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন মো. জুবায়েদ হোসেন ফয়সাল। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া চেয়ে মহান আল্লাহর কাছে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করেন এবং নির্বাচনটি সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
