মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
মানবসেবাকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে আসন্ন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কার্যকরী সদস্য পদে প্রার্থী হয়েছেন মো. জুবায়েদ হোসেন ফয়সাল (সদস্য নং-৯৩৭৮)। আগামী ৫ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে দোয়া, ভালোবাসা, আস্থা ও মূল্যবান ভোট কামনা করেছেন।
ভোটারদের উদ্দেশে দেওয়া এক বার্তায় ফয়সাল বলেন, রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত হওয়া তার কাছে কোনো পদ-পদবির বিষয় নয়; বরং এটি মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করার একটি সুযোগ।
তিনি বলেন, “আপনাদের কাছে আমার চাওয়া খুব বেশি কিছু নয় একটু দোয়া, একটু ভালোবাসা, একটু আস্থা এবং আপনাদের মূল্যবান একটি ভোট।”
ফয়সাল জানান, ভোটাররা তাকে নির্বাচিত করলে তিনি এটিকে শুধু একটি পদ হিসেবে দেখবেন না; বরং ভোটারদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার মর্যাদা রক্ষার একটি বড় দায়িত্ব হিসেবে গ্রহণ করবেন। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করার চেয়ে কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জনেই তিনি বিশ্বাসী। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ভোটারদের প্রত্যাশা পূরণ এবং তাদের আস্থার মর্যাদা রক্ষায় সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।
ফয়সালের ভাষ্য, রেড ক্রিসেন্টের মূল চেতনা হলো মানবসেবা। তাই দুর্যোগ, বিপদ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসা এবং মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে আরও সম্পৃক্ত করাই হবে তার অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, “আপনাদের একটি ভোট, আপনাদের একটি আস্থা হতে পারে মানুষের পাশে দাঁড়ানোর আমার নতুন শক্তি।”
সবশেষে আগামী ৫ সেপ্টেম্বর ভোটারদের মূল্যবান ভোট দিয়ে তাকে মানবতার সেবায় কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান মো. জুবায়েদ হোসেন ফয়সাল। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন এবং নির্বাচনটি সুন্দর, সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।
