ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) মো. শাহজাহান কবিরকে বদলি করা হয়েছে। তার স্থলে যশোরের ডিজাস্টার রিকভারি সেন্টারের (ডিআরসি) উপ-পরিচালক হালিমা খাতুনকে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের নতুন উপ-পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত ওই আদেশে বদলি ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। বদলিকৃত দুই কর্মকর্তাকে আগামী ৩১ আগস্টের মধ্যে নিজ নিজ বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ৩১ আগস্ট অপরাহ্নে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
দীর্ঘদিনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসকে ঘিরে দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের হয়রানি, ফাইল আটকে রাখা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছিলেন স্থানীয়দের অনেকে। এসব অভিযোগকে কেন্দ্র করে অফিসটির কার্যক্রম ও সেবার মান নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
শাহজাহান কবিরের বদলির খবর প্রকাশের পর সাধারণ সেবাগ্রহীতা ও স্থানীয় সচেতন মহলের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তবে স্থানীয়দের দাবি, বদলির পাশাপাশি তার দায়িত্ব পালনকালে ওঠা বিভিন্ন অভিযোগও তদন্ত করে দেখা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
নতুন কর্মকর্তাকে ঘিরে প্রত্যাশা
নতুন উপ-পরিচালক হিসেবে হালিমা খাতুন দায়িত্ব নেওয়ার পর পাসপোর্ট সেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা সেবাগ্রহীতাদের।
স্থানীয়দের প্রত্যাশা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম আরও গতিশীল করবেন নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
