ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম পরিচিত স্থান ট্যাংকেরপার্ককে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে Green & Clean Brahmanbaria। সংগঠনটির উদ্যোগে পার্কের বিভিন্ন স্থানে লাগানো সকল ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ট্যাংকেরপার্কের বিভিন্ন স্থানে টানানো ব্যানার, ফেস্টুনসহ পরিবেশের সৌন্দর্য নষ্ট করে এমন প্রচারসামগ্রী অপসারণ করা হয়।
উদ্যোক্তারা বলেন, একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভর করে না; এ ক্ষেত্রে নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো ব্যানার-ফেস্টুনের দখল থেকে মুক্ত রেখে পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ব্যানার-ফেস্টুন অপসারণের পর ট্যাংকেরপার্কের পরিবেশ আরও সুন্দর ও পরিচ্ছন্ন হয়ে উঠেছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় নাগরিকরাও।
সচেতন নাগরিকদের প্রত্যাশা, ট্যাংকেরপার্কের মতো শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানও ধীরে ধীরে ব্যানার-ফেস্টুনমুক্ত হবে। পাশাপাশি ভবিষ্যতে যত্রতত্র ব্যানার-ফেস্টুন না লাগিয়ে শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাই আরও সচেতন হবেন।
পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়তে এমন উদ্যোগ অব্যাহত থাকুক—এটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
