নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া | ৩১ আগস্ট ২০২৬, ১:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।
সোমবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে তাদের সচেতন করা হয়।
এ সময় ‘তরী বাংলাদেশ’-এর আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা শামীম আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।
শামীম আহমেদ আরও বলেন, “আমরা নদী ও প্রকৃতি সুরক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের একার নয়; এ দায়িত্ব সবার। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারলে ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলা সম্ভব।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, ‘তরী বাংলাদেশ’-এর সদস্য মো. আব্দুল হেকিম, সদর উপজেলার সদস্যসচিব নোমান আহমেদ, সদস্য মোশাররফ হোসেন, মোবারক মিয়া ও বাচ্চু মিয়াসহ শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষকরা।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
