ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অপর অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে পালিয়ে যায় অজ্ঞাতনামা মাদক কারবারিরা।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির বসতঘর থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নৈদার চান দাশ (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নৈদার চান দাশ কাশিনগর গ্রামের মৃত নীল কান্ত দাশের ছেলে।
অপরদিকে, একই রাতে রাত ১টা ১০ মিনিটে বিজয়নগর থানাধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়পুর ইউনিয়নের কামালপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক কারবারিরা ঘটনাস্থলে মাদক ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বিজয়নগর থানায় পৃথক দুটি মাদক মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
