নিজস্ব প্রতিবেদক:
মাত্র ৮৮ দিনে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে অনন্য কৃতিত্ব অর্জনকারী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় ওমরাহ বিজয়ী হাফেজ মুহাম্মদ ফাহিম মৃধাকে দেশে ফেরায় বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে।
পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল ৩০ আগস্ট দেশে ফিরলে মারকাজুত তাজবীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছায় তাঁকে বরণ করে নেন।
জানা যায়, মেধাবী হাফেজ মুহাম্মদ ফাহিম মৃধা ব্রাহ্মণবাড়িয়া জেলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে ওমরাহ পালনের সুযোগ লাভ করেন। পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে গত ১৬ আগস্ট তিনি বাংলাদেশ ত্যাগ করেন। মক্কা ও মদিনায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গতকাল তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসেন।
তাঁর গৌরবময় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে মারকাজুত তাজবীদ মাদ্রাসায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ মাওলানা মনির হোসাইনের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। এ সময় হাফেজ ফাহিম মৃধার গর্বিত পিতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মনির হোসাইন। তিনি হাফেজ ফাহিম মৃধার অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও পবিত্র কোরআনের প্রতি তাঁর একনিষ্ঠ ভালোবাসার কথা তুলে ধরে বলেন, “ফাহিমের এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য এক বিরাট গৌরব। তাঁর এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি শিক্ষার্থীদের হাফেজ ফাহিমের মতো একাগ্রচিত্তে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার এবং কোরআনের আলোয় জীবন আলোকিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ ফাহিম মৃধার উত্তরোত্তর সাফল্য, মাদ্রাসার সমৃদ্ধি এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মনির হোসাইন।
