নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি রিফাত পারভেজ শাওনকে (২৫) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-৬-এর যৌথ অভিযানে গত ৩১ আগস্ট সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দোয়েল চত্বর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও র্যাব-৬-এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রিফাত পারভেজ শাওনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিফাত পারভেজ শাওন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড়ইছরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম কামাল পারভেজ।
র্যাবের ভাষ্য অনুযায়ী, স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৯(১) ধারায় মামলা করা হয়। ওই মামলায় রিফাত পারভেজ শাওনকে একমাত্র এজাহারনামীয় আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
