মোহাম্মদ অলিউল্লাহ খান
বিশেষ প্রতিনিধি
১ সেপ্টেম্বর, ২০২৬ (১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ)
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নধীন কালীশিমুল এলাকার তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
কিশোরগঞ্জ অঞ্চলের নৌ পুলিশ সুপারের নির্দেশনায় এবং সরাইল নৌ পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলামের নেতৃত্বে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৭টার দিকে এই সফল অভিযান পরিচালিত হয়।
অভিযানে নদী থেকে ৭০টি ‘চায়না দুয়ারী’ রিং জাল (যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা) এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল (যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা) উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জালের মোট বাজারমূল্য প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা।
নদীতে অবৈধ জাল ও অবাধে পোনা মাছ নিধন রোধে এসআই কামরুল ইসলামের এই তৎপরতা স্থানীয় সচেতন মহলে দারুণ প্রশংসিত হয়েছে।
অভিযান শেষে সরাইল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতি ও নির্দেশনায় উদ্ধারকৃত অবৈধ জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার্থে নৌ পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
