মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):
‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। স্বাধীন বাংলাদেশে কোনো নাগরিককে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিচার করা যাবে না। আমরা সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।’
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
শুক্রবার দুপুরে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় নবীনগর হরিসভা মন্দির প্রাঙ্গণে এ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট বিনয় চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি অ্যাডভোকেট এম এ মান্নান।
নবীনগরের ঐতিহাসিক সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে এম এ মান্নান বলেন, ‘নবীনগর সুদীর্ঘকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছেন। কোনো অপশক্তি এই সম্প্রীতি ও মেলবন্ধনকে বিনষ্ট করতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজেদের কখনো অসহায় বা সংখ্যালঘু মনে করবেন না। রাষ্ট্র এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি। শ্রীকৃষ্ণের মূল দর্শন ছিল সমাজ থেকে অন্যায়, অবিচার ও অধর্ম দূর করে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা। শ্রীকৃষ্ণের সেই বাণী ধারণ করে আমাদের সবাইকে বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।’
ধর্মীয় সভায় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঠিকাদার সাদেকুল হক ছাদির, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আমীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল, পৌর বিএনপির সহসভাপতি ইলিয়াছ আলী, হাসিবুল হাদীছ শাহীন ও সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান।
এ ছাড়া বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সদস্য মানিক বিশ্বাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, রতন চন্দ, পরিমল বর্মণ, ডা. হেমেন্দ্র বর্মণ, শিমুল বর্মণ, ইসকনের প্রাণকৃষ্ণ দাস, প্রবাল বর্মণসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন তিনি।
শোভাযাত্রাটি নবীনগর হরিসভা মন্দির থেকে বের হয়ে সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালীবাড়িতে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
