ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহিন এবং সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম এ ফলাফল নিশ্চিত করেন।
তিনি জানান, ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি—এই দুটি পদের ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে কার্যকরী কমিটির অন্যান্য সদস্য পদের ভোট গণনা তখনও চলছিল।
ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহিন ১ হাজার ৯৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিএম মুমিনুল হক পেয়েছেন ১ হাজার ৬৬৪ ভোট। অপর প্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদ পেয়েছেন ৪৭৪ ভোট।
অন্যদিকে সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান ২ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মাহবুবুর রহমান পেয়েছেন ৭৭৩ ভোট, লুৎফুল হাই ভূইয়া ৪২৮ ভোট, কামরুল ইসলাম ৩৪৯ ভোট এবং অ্যাডভোকেট শাহ ওয়াসিম পারভেজ পেয়েছেন ২৭৮ ভোট।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জানান, কার্যকরী কমিটির অন্যান্য সদস্য পদের ভোট গণনা শেষ হওয়ার পর পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।
