ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
তিতাসের বুকে আবারও বৈঠার ছন্দ আর নৌকার দৌড়ের উচ্ছ্বাসে জমে উঠছে ব্রাহ্মণবাড়িয়া। আবহমান বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ ও লালনের লক্ষ্যে আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ ২০২৬’।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে তিতাস নদীর শিমরাইলকান্দি-গাঁওগ্রাম পয়েন্ট থেকে মেড্ডা শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার দিন বেলা ১১টা থেকে শুরু হবে প্রাথমিক রেজিস্ট্রেশন কার্যক্রম। এরপর দুপুর ২টা থেকে শুরু হবে মূল নৌকা বাইচ প্রতিযোগিতা।
নৌকা বাইচকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। নদীর দুই পাড়ে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় জমবে বলে আশা করছেন আয়োজকরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষকে উপস্থিত হয়ে বাংলার ঐতিহ্যবাহী এই আনন্দঘন উৎসব উপভোগ করার জন্য বিনীত আমন্ত্রণ জানানো হয়েছে।
