ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল (___) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-২০-৫৮৭৩) আটক করা হয়।
পরে গাড়িটি তল্লাশি করে ৫২ (বাহান্ন) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক কারবারি মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও সংশ্লিষ্ট মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাহমুদুর রহমান সাইফুলের বিরুদ্ধে ইতিপূর্বে আরও দুটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারকৃত সাইফুল হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কমলপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. খোকন।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
