ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘদিন কর্মহীন থাকার পর অবশেষে চাকরি ফিরে পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী পাপন। জেলা পরিষদের প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের উদ্যোগে তার চাকরি পুনর্বহালের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।
পাপন একসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ডাকবাংলোয় দায়িত্ব পালন করতেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরি হারান তিনি। এরপর দীর্ঘদিন বেকার থাকায় চরম আর্থিক সংকটে পড়ে তার পরিবার। কর্মহীন অবস্থায় অনেকটা কষ্ট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাতে হয়েছে তাকে ও পরিবারের সদস্যদের।
পাপনের অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। পরে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে তার চাকরি পুনর্বহালের ব্যবস্থা করা হয়। দীর্ঘদিন পর কর্মসংস্থান ফিরে পেয়ে নতুন করে স্বাভাবিক জীবনের স্বপ্ন দেখছেন পাপন।
সম্প্রতি চাকরিতে যোগ দেওয়ার পর প্রথম বেতন হাতে পান তিনি। প্রথম বেতন পাওয়ার পর কৃতজ্ঞতা জানাতে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন পাপন। এ সময় তিনি তাকে সালাম করেন এবং চাকরি ফিরে পাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।
চাকরি ফিরে পাওয়ায় পাপনের পরিবারেও ফিরেছে স্বস্তি। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে আবারও নিয়মিত আয়ের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পাপন ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয়রা বলছেন, একজন অসহায় ও প্রতিবন্ধী মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের মতে, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
দীর্ঘদিন পর চাকরি ফিরে পেয়ে পাপনের মুখে যেমন হাসি ফিরেছে, তেমনি তার পরিবারের মধ্যেও তৈরি হয়েছে নতুন আশার আলো।
