ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাগালিয়া নদীতে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে চাতলপাড় গ্রামের তিনজন একটি রোগীকে স্পিডবোটে করে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল ও সজীবকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণলাল ঘোষ বলেন, নিহত দুই যাত্রীর মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
