চেকপোস্টে তল্লাশি চালিয়ে মাদকসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সামিন মিয়া (নাম ও পরিচয় পুলিশ সূত্রে) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করছিল। এ সময় ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে প্রাইভেটকার থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা সামিন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার সামিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ফরিদ মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
