ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে বিদেশি মদ বহনের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অটোরিকশাটি তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুটি ইউনিয়নের কুটি চৌমুহনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কসবা থানার একটি দল কুটি চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মদ ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—কসবা উপজেলার তারাপুর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে মো. কালু মিয়া এবং খাড়পাড়া গ্রামের মো. হোসেন মিয়ার ছেলে রাসেল আহমেদ রাজ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
