মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া
সুহিলপুর ইউনিয়নে এবার নারী নেতৃত্বের প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইয়াছমিন বেগম (বিনা) চৌধুরী। ইউনিয়নের প্রতিটি মা-বোন, ভাই ও সাধারণ মানুষের পাশে থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত সুহিলপুর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।
ইয়াছমিন বেগম বলেন, “এবার নারী নেতৃত্ব, এবার পরিবর্তন।” মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে তিনি সুহিলপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে নারী, শিশু, তরুণ ও সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
তিনি মনে করেন, একটি ইউনিয়নের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের জীবনমানের উন্নয়ন, নারীর মর্যাদা ও অংশগ্রহণ বৃদ্ধি, তরুণদের সম্ভাবনা কাজে লাগানো এবং সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগও সমান গুরুত্বপূর্ণ।
চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছমিন বেগম বলেন, “সুহিলপুর ইউনিয়নের প্রতিটি মা-বোন ও ভাইদের পাশে থাকতে চাই। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি সুন্দর, আধুনিক ও মানবিক সুহিলপুর গড়ে তুলতে চাই।”
এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়, তাদের সমস্যা ও প্রত্যাশা জানা এবং ইউনিয়নের উন্নয়নে একটি বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।
সুহিলপুর ইউনিয়নের আগামী নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ইয়াছমিন বেগমের এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তাঁর প্রত্যাশা দল-মত নির্বিশেষে ইউনিয়নের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে একটি সুন্দর ও সমৃদ্ধ সুহিলপুর গড়ে তুলতে সহযোগিতা করবেন।
উনি আরো বলেন, সবার অংশগ্রহণ, সবার সহযোগিতা ও ভালোবাসায় গড়ে উঠুক সুন্দর সুহিলপুর।
