ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সাহসিকতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী কনস্টেবল অমিত হাসানকে তাঁর বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন ও অর্থ পুরস্কার প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার।
পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অমিত হাসানের হাতে সম্মাননা সনদ ও অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তাঁর সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও মানবিক ভূমিকার প্রশংসা করা হয়।
জানা যায়, তিতাস নদীতে এক নারী আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিলে কনস্টেবল অমিত হাসান নিজের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত নদীতে নেমে পড়েন। পরবর্তীতে সাহসিকতার সঙ্গে ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হন তিনি।
তাঁর এমন তাৎক্ষণিক পদক্ষেপ ও জীবনবাজি রেখে উদ্ধার অভিযান একটি মূল্যবান জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অমিত হাসানের এই সাহসিকতা বাংলাদেশ পুলিশের মানবিক ও জনবান্ধব ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কর্তব্য পালনে সাহসিকতা, মানবিকতা ও নিষ্ঠার পরিচয় দেওয়া সদস্যদের যথাযথভাবে উৎসাহিত ও পুরস্কৃত করা হবে।
