নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুটি অভিযানে মোট ৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ জুলাই ভোর ৫টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বায়েক এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ জামাল মিয়া (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার শাহপুর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ইসমাইল, মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়াকে গ্রেফতার করা হয়। অভিযানে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জামাল মিয়ার বাড়ি কসবা উপজেলার বায়েক গ্রামে, ইসমাইলের বাড়ি আকবপুর গ্রামে এবং মো. ইকবাল ও মো. মাহফুজ মিয়ার বাড়ি কুইয়াপানিয়া গ্রামে।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
