ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত চেতনানাশক ব্যবহার করে সিএনজি চালক হোসেন মিয়াকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৩ আগস্ট) রাতে কুমিল্লার দেবিদ্বার ও কোতোয়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার দুয়ারিয়া এলাকার মো. আবুল বাশার (৪৪) ও কোতোয়ালি থানার সংরাইশ এলাকার নাজমুন নাহার লাভলী (২৮)।
রোববার র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৯-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ২৫ মে সকালে কসবা উপজেলার চান্দলা এলাকার বাসিন্দা সিএনজি চালক হোসেন মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে কসবা থানায় সাধারণ ডায়েরি করা হয়।
এর তিন দিন পর ২৮ মে বিকেলে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, কসবা থানার টি. আলী মোড় সংলগ্ন একটি পুকুরে অর্ধগলিত অবস্থায় একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি হোসেন মিয়ার বলে শনাক্ত করেন।
নিহতের স্ত্রীর অভিযোগ, সিএনজি অটোরিকশা, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তিরা হোসেন মিয়াকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেন।
মামলার পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১টার দিকে কুমিল্লার দেবিদ্বার থানার বাগুরা এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে কুমিল্লা কোতোয়ালি থানার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে নাজমুন নাহার লাভলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুইজন জানিয়েছেন, তারা ও মামলার অন্যান্য আসামি ‘শয়তানের নিঃশ্বাস’ নামের চেতনানাশক ব্যবহার করে সিএনজি চালককে অচেতন করার পর হত্যা করেন এবং তার অটোরিকশাটি নিয়ে যান।
র্যাব আরও জানায়, একই মামলায় গত ৪ আগস্ট তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
গ্রেপ্তার দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
