ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি শাহিনুর আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ ও রোকেয়া বেগম।
সমাবেশে বক্তব্যে ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।
অন্যদিকে জুলাই আন্দোলনের সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘জুলাইয়ের শহীদরা আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা।’
তিনি উপস্থিত নারী সমাজকে জুলাইয়ের চেতনা ও প্রেরণা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নারী সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীসহ বিপুলসংখ্যক নারী অংশ নেন।
বক্তারা নারীদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি দেশসেবায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে দেশ গঠন ও সমাজের কল্যাণে নারীদের আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
