ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থা বহাল রেখে ব্রাহ্মণবাড়িয়াতেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে আইন বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এই ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় নিয়েই অনেকে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজে ভর্তি হয়েছেন। কিন্তু সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক চিঠিতে প্রথম বর্ষের পরীক্ষা কুমিল্লায় নেওয়ার সিদ্ধান্ত জানানো হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে হলে যাতায়াত, থাকা ও খাওয়াসহ বাড়তি খরচ বহন করতে হবে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বেন চাকরিজীবী, সন্তানসম্ভবা নারী এবং সন্তান নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে ব্রাহ্মণবাড়িয়ায় পরীক্ষা কেন্দ্র বহাল রাখার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে রেলপথ, ঢাকা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদ কবির আকন্দ। তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। হঠাৎ কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য বাড়তি মানসিক ও আর্থিক চাপ তৈরি করবে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি চিঠির মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে।
ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থী মো. রুকন উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন আইন কলেজ ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীনসহ কলেজের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখা হলে তাঁদের যাতায়াতজনিত ভোগান্তি ও অতিরিক্ত ব্যয় কমবে। তাই শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
